প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর নিরাপত্তা টহল জোরদার

প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় মেজর কাজী আসিফ আহমেদের নেতৃত্বে এ নিরাপত্তা টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থান এবং সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে করে যে কোনো ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তা টহলের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা বিষয়ে সচেতন করা হচ্ছে এবং যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপত্তা জোরদারে সন্তোষ প্রকাশ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট